NTV Logo

প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:২১ PM

প্রিন্টের তারিখ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:০৭ AM

প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

নরসিংদীতে কুয়েত প্রবাসীর স্ত্রীসহ প্রায় ১ কোটি ১০ লাখ টাকা নগদ এবং ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতার বিরুদ্ধে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী কুয়েত প্রবাসী মো. লুৎফর রহমান।
অভিযুক্ত ওই নেতার নাম অ্যাডভোকেট মো. নয়ন মোল্লা। তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সহ-সম্পাদক ও নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
এদিকে এ ঘটনায় বিচার ও ক্ষতিপূরণ দাবি করে ভুক্তভোগী মো. লুৎফর রহমান নরসিংদী মডেল থানা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ থেকে জানা যায়, প্রবাস থেকে ফিরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কোর্টে মামলা করতে আসেন ভুক্তভোগী লুৎফর রহমান। জনৈক ব্যক্তির সহযোগিতায় মামলা করতে নরসিংদী জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নয়ন মোল্লার কাছে যান।
পরে নয়ন জানান, আপনি যেহেতু পুনরায় প্রবাসে চলে যাবেন সে ক্ষেত্রে মামলাটি তো পরিচালনা করতে পারবেন না। সে জন্য মামলার বাদী আপনার স্ত্রীকে দিতে হবে। পরে স্ত্রীকে বাদী করে নরসিংদী জজ কোর্টে একটি মামলা দায়ের করা হয়। সে মামলা পরিচালনার দায়িত্ব নেন নয়ন মোল্লা।

এ পরিচয়ের সুবাদে নয়ন মোল্লা তার স্ত্রীকে বিভিন্ন সময় নানা অজুহাতে প্রবাস থেকে পাঠানো টাকা হাতিয়ে নিতে থাকেন। একপর্যায়ে স্ত্রী হাফসা বেগম প্রবাস থেকে লুৎফর রহমানের বিভিন্ন সময় পাঠানো ১ কোটি ১০ লাখ নগদ টাকা এবং ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নয়ন মোল্লার সঙ্গে সম্প্রতি পালিয়ে যান। ঘটনাটি গত ৩ আগস্ট প্রবাসে থেকে লুৎফর রহমান জানতে পেরে তিনি দেশে ফিরে আসেন। তাদের দাম্পত্য জীবনে ১১ বছর বয়সী ছেলে ও ৮ মাস বয়সী মেয়ে রয়েছে।

প্রবাসী লুৎফর রহমান অভিযোগ করে আরও বলেন, প্রবাসে থেকে আমার দীর্ঘদিনের পরিশ্রমের ১ কোটি ১০ লাখ নগদ টাকা এবং ৩৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে এখন উধাও নয়ন মোল্লা। আমি দেশবাসীর কাছে এর ন্যায় বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত নয়ন মোল্লার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূইয়া বলেন, নয়নের বিরুদ্ধে লিখিত অভিযোগ আমরা পেয়েছি। এ বিষয়ে বারের সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা প্রমাণ হলে নিয়ম অনুসারে তাকে বহিষ্কার করব। আর বার সদস্য থেকে যদি বহিষ্কার হয় তাহলে এপিপি পদ এমনিতেই চলে যাবে।

সম্পাদক ও প্রকাশক: খলিলুর রহমান রানা
প্রধান উপদেষ্টা: খলিলুর রহমান রানা
ঠিকানা: পল্লী নিউজ টিভিপ্রধান কার্যালয় ২১৯/২, ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা-১০০০।WhatsApp number 01333099183নিউজ রুম ফোন নাম্বার 01914934383E-mail pallinews83@gmail.com
যোগাযোগ: 01914934383
pallinews83@gmail.com (সাধারণ তথ্যের জন্য), pallinews83@gmail.com (সম্পাদকীয়), pallinews83@gmail.com (বিজ্ঞাপন সংক্রান্ত)